পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার, ঈদের জামাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সাধারণ বন্দিদের সঙ্গে একই খাবার খেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
কারা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বর্তমানে ৬১৬ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ফাঁসির আসামি ৩৭ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৬১ জন। উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র আইভী, সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং সাবিনা আক্তার তুহিনসহ সাতজন ডিভিশনপ্রাপ্ত বন্দি।
মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার জানান, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সকালে পায়েস ও মুড়ি, দুপুরে মাংস, মুরগির রোস্ট, পোলাও, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি ও মিষ্টির ব্যবস্থা করা হয়। রাতে পরিবেশন করা হয় সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।
এ ছাড়া নারী বন্দিদের জন্য লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদী বিতরণ করা হয়েছে। অসহায় কয়েকজন নারী বন্দিকে থ্রি-পিস ও শাড়ি দেওয়া হয়। কারাগারের ডে-কেয়ার সেন্টারে থাকা শিশুদের নতুন জামা, কেক, চকলেট, চিপস ও বিশেষ খাবারও দেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কারাগারে আলাদা জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হয়েছে।

