আজ বুধবার ৬ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি সৃজয় শাহা।
সভায় সর্বসম্মতিক্রমে মৌমিতা আক্তারকে আহ্বায়ক এবং তাহমিদ আনোয়ারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এবং শিক্ষার্থীদের স্বার্থই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া অযৌক্তিকভাবে ৫ টাকা বৃদ্ধির সমালোচনা করেন এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, সপ্তাহে ৭ দিনের পরিবর্তে মাত্র ৪ দিন হাফ ভাড়া কার্যকর রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আগে ৫০ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের হাফ ভাড়া ছিল ৩০ টাকা, কিন্তু বর্তমানে ৫৫ টাকা ভাড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হচ্ছে, যা নির্ধারিত ২৮ টাকার চেয়ে বেশি।
তিনি অবিলম্বে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং সপ্তাহে ৭ দিন হাফ পাস চালুর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের জন্য আলাদা বাস চালুর দাবিও জানান। একটি নিরাপদ, সুস্থ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ কলেজের ২ নম্বর গেইটের পাশের বাস টার্মিনালের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বাস টার্মিনাল থাকা দায়িত্বহীনতার পরিচয় উল্লেখ করে তিনি দ্রুত তা অপসারণের দাবি জানান।
এছাড়াও তিনি কলেজের আশপাশে অবৈধ দোকান উচ্ছেদ, সিরাজউদ্দৌলা সড়কের জরুরি মেরামত এবং কলেজে ক্যান্টিন চালুর দাবি জানান।
সভায় নেতৃবৃন্দ একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটি:
১ আহ্বায়ক: মৌমিতা আক্তার
২ যুগ্ম আহ্বায়ক: অপূর্ব রায়
৩ যুগ্ম আহ্বায়ক: শেখ সাদি
৪ সদস্য সচিব: তাহমিদ আনোয়ার
৫ যুগ্ম সদস্য সচিব: মুয়াজ সাফাত
৬ সদস্য: ফাতেমা আক্তার সুরভী
৭ সদস্য: শিফা
৮ সদস্য: আব্দুল আহাদ
৯ কার্যকারী সদস্য: শান্ত চক্রবর্তী

