কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে তুলনামূলক বেশি হাসিল আদায়ের কারণে কিছুটা বিপাকে পড়ছেন স্বল্প বাজেটের ক্রেতারা। এর মধ্যেই কম খরচে গরু কেনার সুযোগ নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে পাশের কেরানীগঞ্জ এলাকার মোল্লার বাজার সাপ্তাহিক পশুর হাটে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার প্রায় সব পশুর হাটে গরু বিক্রিতে শতকরা ৫ থেকে ৬ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে। এতে অনেক ক্রেতা অতিরিক্ত খরচের চাপ অনুভব করছেন।
অন্যদিকে মোল্লা বাজার সাপ্তাহিক পশুর হাটে আগামীকাল মঙ্গলবার (২৬ মে) বিশেষভাবে যে কোনো দামের গরু মাত্র ২ হাজার টাকা হাসিলে কেনাবেচা করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় রেখে পশু পরিবহনের জন্যও রাখা হয়েছে ন্যায্যমূল্যের পরিবহন ব্যবস্থা। ফলে কম খরচে গরু কিনে সহজেই বাড়িতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
যেভাবে যাবেন
নারায়ণগঞ্জ থেকে মোল্লার বাজার হাটে যাওয়া বেশ সহজ।
ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন কাওতাইল খেয়াঘাট দিয়ে নদী পার হয়ে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ টাকা ভাড়ায় পৌঁছানো যাবে।
এছাড়া বক্তাবলী ফেরী ঘাট পার হয়েও মিশুক বা অটোযোগে সরাসরি মোল্লার বাজার হাটে যাওয়া সম্ভব।
কোরবানির পশু কিনতে যারা অল্প বাজেটের মধ্যে ভালো বিকল্প খুঁজছেন, তাদের জন্য কেরানীগঞ্জের মোল্লার বাজার হাট হতে পারে সুবিধাজনক একটি গন্তব্য।

